খুলনার সোনাডাঙ্গা সোলার পার্ক দীর্ঘ ১৪ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাময় এই প্রকল্প কার্যকর না হওয়ায় প্রশ্ন উঠেছে সরকারি বিনিয়োগ ও ব্যবস্থাপনা নিয়ে। সংশ্লিষ্টদের দাবি, বড় ধরনের নতুন প্রকল্প নয়—সামান্য সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই সোলার পার্ক আবারও চালু করা সম্ভব।
ফেড সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও সোলার পার্কের অবকাঠামো পুরোপুরি অকার্যকর নয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি পরীক্ষা, মেরামত ও প্রযুক্তিগত সংস্কার করলেই এখান থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করা যেতে পারে।
জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদনে চাপের সময়ে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বেড়েছে। অথচ সম্ভাবনাময় একটি সৌর বিদ্যুৎ প্রকল্প বছরের পর বছর বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও সচেতন মহল।
তাদের প্রশ্ন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্র কেন দীর্ঘ সময় ধরে পড়ে থাকবে? দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই কি এই পরিস্থিতি তৈরি হয়েছে—তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
স্থানীয়রা বলছেন, সোনাডাঙ্গা সোলার পার্ক চালু হলে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে, অন্যদিকে খুলনায় নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ তৈরি হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, দ্রুত কারিগরি পর্যালোচনা করে প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হোক এবং দীর্ঘদিন অচল থাকার কারণও তদন্ত করা হোক।
মোঃ জাহাঙ্গীর হোসেন, ব্যুরো চীফ, খুলনা 





















