খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলা মঞ্জু নগরীর ৩১নং ওয়ার্ডকে একটি ঘনবসতি এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে এ ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, অভ্যন্তরীণ গলিসমূহ মেরামত, ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ এবং মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে গুরুত্বের সাথে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক সকল খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ করা হচ্ছে।
কেসিসি প্রশাসক আজ বুধবার সকালে নগরীর ৩১নং ওয়ার্ড কার্যালয়ে গর্ভবতী মায়েদের সরকারি ভাতা প্রদান সংক্রান্ত ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক এ ভাতা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে প্রশাসক ৫৭ জন গর্ভবতী মায়েদের হাতে ভাতার ফরম তুলে দেন।
গর্ভবতী মায়েদের পক্ষ থেকে শিপইয়ার্ড সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবির প্রেক্ষিতে প্রশাসক বলেন,
সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে কেডিএ। মাননীয় প্রধানমন্ত্রীও সড়কটির নির্মাণ প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নির্মাণ কাজে বিলম্বের করণ উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন। শীঘ্রই সড়কটির নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সকলকে সাধ্যমত বৃক্ষ রোপণের আহবান জানান।
৩১নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবক আফছার উদ্দিন মাস্টার, আসলাম হোসেন, নাজমুল হাসান নাসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
খুলনা অফিস 





















