চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় শক্তিশালী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান ও যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস।
দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, “বুলডোজার ও এক্সকাভেটর ব্যবহার করে যৌথ বাহিনীর ক্যাম্প গুড়িয়ে দেয়ার মতো শক্তি অর্জন করলো সন্ত্রাসীরা, আর সরকার এতদিন এদের অবস্থান সম্পর্কে জানতে পারলো না?”
তিনি বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার নিভৃত জঙ্গলে বেড়ে ওঠা এই সন্ত্রাসী গোষ্ঠীর শক্তি অর্জনের পেছনে অন্য কোনো মহলের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।
ইয়ারুল ইসলাম আরও বলেন, “এখনই এই শক্তিশালী সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে না পারলে ভবিষ্যতে এই গোষ্ঠীর সঙ্গে অন্য কোনো মহল জড়িত হয়ে দেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।”
তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জঙ্গল সলিমপুর এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত রবিবার রাত প্রায় ২টার দিকে অন্তত ৩০০ জনের একটি সশস্ত্র দল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থানরত যৌথ বাহিনীর ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বুলডোজার ও এক্সকাভেটর ব্যবহার করে ক্যাম্প গুড়িয়ে দেয় এবং এলাকায় প্রবেশের প্রধান সড়কসহ চারটি সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় ভারী অস্ত্র নিয়ে যৌথ বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনাও ঘটে।
নিজস্ব প্রতিবেদক 























