রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়েরকৃত কথিত মামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। একইসঙ্গে তার নিঃশর্ত ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার ২৭ জুলাই রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, কথিত একটি প্রেসক্লাবের দায়ের করা মামলায় সাংবাদিক মো. সুরুজ আলী আদালতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রাজশাহী প্রেসক্লাব মনে করে, একজন দায়িত্বশীল সংবাদকর্মীকে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিক সমাজের জন্য উদ্বেগের। মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীন চর্চা এবং গণমাধ্যমকর্মীদের মর্যাদা রক্ষার স্বার্থে এ ধরনের হয়রানিমূলক মামলার মাধ্যমে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়।
এ অবস্থায় রাজশাহী প্রেসক্লাব সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়েছে, সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়েরকৃত এই মামলা দ্রুত প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হোক এবং তার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা হোক।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার, স্বাধীন পেশাগত পরিবেশ এবং আইনের সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান প্রত্যাশা করছি আমরা।
জয়নাল আবেদীন জয়,রাজশাহী থেকে 






















