খুলনায় প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে বিহারী হাসান (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রূপসা উপজেলার জাবুসা গ্রামে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত বিহারী হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ হত্যাকা-ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল (২১) ও খায়রুল (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ৪/৫ দিন আগে বিহারী হাসানের বাড়িতে একটি ভ্যানে কয়েকজন মেহমান আসে। চালকসহ মেহমানরা বাড়ির ভেতর যাওয়ার কিছুক্ষণ পর ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসান একই গ্রামের রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারী নামে একজনের নাম প্রকাশ করে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাসান জাবুসা চৌরাস্তার মোড়ে অবস্থানকালে রাশেদসহ ৪/৫জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা বিহারী হাসানকে কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেযিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে সে মারা যায়।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, হত্যাকা-ের ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত আসামি রুবেল ও খায়রুলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।
খুলনা ব্যুরো 




















