সাতক্ষীরার তালায় কোম্পানির কাভার্ড ভ্যানের চাঁপায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১জন ঘটনাস্থলে এবং অপরজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতদের মধ্যে মেহেদী ফকির (১৮) উপজেলার প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে এবং নাসিম ফকির (৩৪) একই গ্রামের খোকন ফকিরের ছেলে। মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার সময়ে খুলনা-পাইকগাছা সড়কে তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে দূর্ঘটনাটি ঘটে। প্রসাদপুর গ্রামের রফিকুল আলম জানান, তার চাচাতো ভাই মেহেদী ফকির বাগদা পোনা ক্রয়ের জন্য নাসিম ফকিরের মটরসাইকেলে চুকনগর যাচ্ছিল। পথিমধ্যে তেঁতুলিয়া বাজারের পাশে পৌছনো মাত্র বিপরীত দিক দিয়ে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-অ ১৪-১৫৫৪) বেপরোয়া গতীতে এসে মটরসাইকলেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে মটরসাইকেল চালক নাসিম মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে তালার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আশংকাজনক অবস্থায় মেহেদীকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর সকাল সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার প্রক্রিয়াকালে মেহেদী মারা যায়। এরআগে, ফায়ার সার্ভিষ কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত নাসিমের মরদেহ উদ্ধার করে তালা থানা পুলিশে হস্তান্তর করে। দূর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।
তালা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে। দু’জনের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
###
বি. এম. জুলফিকার রায়হান, তালা 













