খুলনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক শিহাবের স্ত্রী ফারজানা (২২), শিহাবের শ্যালিকা রুবিয়া (১৬) ও দুই বছরের মেয়ে মাইমুনা। তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার উথলি গ্রামে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শুভ্র প্রকাশ দাস সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
ওসি শুভ্র প্রকাশ দাস জানান, খুলনা থেকে একটি মোটরসাইকেলে (খুলনা মেট্রো ল-১২-২৪৮৪) শিহাব শেখ তার স্ত্রী ফারজানা, শ্যালিকা রুবিয়া ও দুই বছরের মেয়ে মাইমুনাকে নিয়ে গ্রামের বাড়ি কালিয়া উপজেলার উথলি যাচ্ছিলেন। অপরদিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট থেকে ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেটো ট-১৬-১৬৪৯) রূপসার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোবরা গ্রামের একটি মোড়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ফারজান, রুবিয়া ও শিশু মাইমুনা নিহত ও শিহাব আহত হয়। আহত শিহাবকে কালিয়া উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওসি শুভ্র প্রকাশ দাস আরো জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক।
খুলনা অফিস 













