খুলনায় দুর্বৃত্তরা সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে । গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রাম থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয। ঘটনাস্থলের কিছু দূর থেকে নিহত সমীরের ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেন। নবহত সমীর ভট্ট দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের কোদলা গ্রামের রবীন ভট্টের ছেলে।
ওসি শাহ আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মোল্লাপাড়া ইটলু মোল্লার বাড়ির পাশ থেকে ভ্যান চালক সমীর ভট্টের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থলের কিছু দুর থেকে সমীরের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। সমীরকে হত্যা করে দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সুরাতহাল রিপোর্ট শেষে ময়নতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের ঘটনাস্থলে আসার জন্য খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
খুলনা ব্যুরো 























