খুলনায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইজিবাইকচালক পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের শেখপাড়া সনাতনকাঠি গ্রামের মৃত শেখ ওবায়দুল হকের ছেলে শেখ দিদারুল হক (৩০) ও ইজিবাইকের যাত্রী একই ইউনিয়নের হরিদাস কাঠি বাড়ৈপাড়ার মৃত বিনোধ হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)। নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় দুইজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে খুলনা-সাতক্ষীরারমহাসড়কের খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ভালো ও খারাপ সড়কের সংযোগ স্থলে খুলনা থেকে ছেড়ে যাওয়া সয়াবিন তেল ভর্তি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১০-০৯১২) নিয়ন্ত্রণ হারিয়ে ডুমুরিয়া থেকে খুলনাগামী দুটি ইজিবাইককে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় একটি ইজিবাইকের চালক শেখ দিদারুল হক ও যাত্রী তাপস হোর ওরফে সুনু হোর ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়। আহত তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘাতক পিকআপ ভ্যান (ছোট ট্রাক) ও ক্ষতিগ্রস্ত ইজিবাইক জব্দ ও নিহত দুইজনের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
খুলনা ব্যুরো 























