গতকাল ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনের ব্যানারে উল্লেখ ছিল, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী কর্তৃক সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে এই মানববন্ধন।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে হুমকি নয়, তা গোটা সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি। একজন সাংবাদিককে ভয় দেখিয়ে সংবাদ বন্ধ করা যায় না। আজ একজনকে হুমকি দেওয়া হয়েছে, কাল আরেকজনকে দেওয়া হবে। তাই আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি।
তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাকে দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে তদন্তের আওতায় আনার দাবি জানান।
সূত্র থেকে পাওয়া যায়, এই হুমকির অভিযোগটি হঠাৎ করে আসেনি। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সাংবাদিকরা যখন সেইসব অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেন, তখনই এই হুমকির অভিযোগ উঠেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ সংবাদ বন্ধ করতেই হুমকি দেওয়া হয়েছে বলে সাংবাদিক সমাজের অভিযোগ।
সূত্র থেকে পাওয়া যায়, ২০২৫ সালের ১০ ডিসেম্বর ঢাকা গণপূর্ত সার্কেল-২-এর দায়িত্ব নেওয়ার পর প্রাক্কলন অনুমোদন, দরপত্রের টেকনিক্যাল অনুমোদন এবং ভেরিয়েশন অনুমোদনের ফাইল আটকে রেখে মোটা অঙ্কের কমিশন দাবির অভিযোগ প্রকাশিত হয়েছে। ঢাকা গণপূর্ত বিভাগ-১-এর একাধিক দরপত্রের টেকনিক্যাল মূল্যায়ন দীর্ঘদিন ধরে ই-জিপি আইডিতে ঝুলিয়ে রাখার অভিযোগও রয়েছে। ফাইল আটকে রেখে চাপ তৈরি করে সুবিধা নেওয়ার এই কৌশলটি দীর্ঘদিনের বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।
সূত্র থেকে পাওয়া যায়, দপ্তরে পছন্দের ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। পছন্দের ঠিকাদার ছাড়া অন্যদের কাজ পেতে বাধা দেওয়া এবং বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনার অভিযোগও প্রতিবেদনগুলোতে এসেছে।
সূত্র থেকে পাওয়া যায়, এর আগে বগুড়া গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালীন ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ এবং বার্ষিক ক্রয় পরিকল্পনার কাজগুলো সীমিত দরপত্র পদ্ধতি থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে পরিবর্তন করে ১০ শতাংশ হারে কমিশন নেওয়ার অভিযোগ প্রকাশিত হয়েছে। সে সময় নিয়মিত অফিসে উপস্থিত না থাকার বিষয়েও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সূত্র থেকে পাওয়া যায়, বিগত সরকারের আমলে দীর্ঘদিন তেজগাঁও গণপূর্ত সম্পদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সংস্কার কাজের বরাদ্দ থেকে অনিয়ম ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সংস্কার কাজের প্রাক্কলন বাড়িয়ে দেখিয়ে এবং নিম্নমানের কাজ করিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও তখন উঠেছিল বলে সূত্র থেকে জানা যায়।
সূত্র থেকে পাওয়া যায়, ঢাকা সার্কেল-২-এ পদায়ন এবং পরবর্তীতে ঢাকা সার্কেল-১-এর অতিরিক্ত দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লেনদেন ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে একইসাথে সূত্র থেকে পাওয়া যায়, পদায়নে অর্থ লেনদেনের দাবির পক্ষে আনুষ্ঠানিক কোনো দাপ্তরিক নথি এখনো প্রকাশ্যে আসেনি।
বস্তুনিষ্ঠ দিক থেকে জনগণের মধ্যে এখন যে প্রশ্ন উঠছে, তা হলো সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে কি কোনো সাধারণ ডায়েরি বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, ঢাকা, বগুড়া, তেজগাঁও তিন জায়গার অভিযোগ কি একই সূত্রে গাঁথা, এবং দুর্নীতি দমন কমিশন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কি এই অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত করবেন।
মানববন্ধন থেকে সাংবাদিকরা আরো দাবি জানান, অভিযোগগুলো শুধু পত্রিকার পাতায় সীমাবদ্ধ না রেখে, দাপ্তরিক তদন্ত করতে হবে। যদি অভিযোগ মিথ্যা হয়, তাহলে সেটাও তদন্তে প্রমাণ হোক। আর যদি সত্য হয়, তাহলে আইন অনুযায়ী শাস্তি হোক। তদন্ত ছাড়া কোনো অভিযোগ চাপা পড়ে যাক, এটা সাংবাদিক সমাজ চায় না।
আনিসুর রহমান মোল্লা 























