আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব আঙ্গিনায় পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন এবং তাদের জন্য প্রস্তাবিত ভাতা দ্রুত কার্যকরের আহ্বান জানানো হয় এ কর্মসূচি থেকে।
বুধবার (১ অক্টোবর) অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি এ বি এম সেলিম আহমেদ। সাধারণ সম্পাদক মো. একাব্বর আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল।
পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবু বকর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মহসিন হোসাইন, বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম করম আলী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতি শিকদার আবদুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেন, প্রবীণ সাংবাদিকদের কল্যাণে প্রস্তাবিত বাজেট দ্রুত বাস্তবায়নে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। তথ্য মন্ত্রণালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রবীণ সাংবাদিকদের বাজেটটি যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেন, প্রবীণ সাংবাদিকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি মাসিক ২০ হাজার টাকা ভাতা। এর অর্ধেক অর্থাৎ ১০ হাজার টাকা ভাতা দেওয়ার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নীতিগতভাবে অনুমোদন করেছে। এখন চূড়ান্ত বাজেট অনুমোদন করে দ্রুত তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জীবনের শেষ সময়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। তাই নীতিগতভাবে অনুমোদিত ভাতা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অন্যান্য ন্যায্য দাবিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তারা।
পথসভা শেষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
আসাদ একরাম 












