যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে বিএনপি নেতা শেখ আবু তালেব (৭০) খুন হয়েছেন। তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে।
নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য।
স্থানীয় সূত্র জানায় , জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করেন । পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনেরা আহত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমি শফিয়ার কিনতে চেয়েছিলো। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। তারা দূরসম্পর্কের আত্মীয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং মামলা এন্ট্রি হয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে আছে।
সংবাদ শিরোনাম
যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক
-
মজনু খন্দকার, যশোর থেকে - আপলোড সময় ০৮:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- 38
Tag :
জনপ্রিয় সংবাদ



















