খুলনায় র্যাব-৬’র সদস্যরা অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ম্যাগজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকাসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার দুপুরে নগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া গ্রামের ইলিয়াস সরদার (৪২),
গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের সুজন (৩৮) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার আমুয়া গামের নান্না বেপারী (৫৭)। গ্রেফতার সকলেই খুলনার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বি কোম্পানির সদস্য।
র্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লবণচরার রায়পাড়ায় অভিযান চালিয়ে নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বি কোম্পানির তিন সদস্য ইলিয়াস, সুজন ও নান্না বেপারীকে গ্রেফতার করা হয়। এ সময় নান্না বেপারীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস ও সুজনের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ম্যাগজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা, পিরোজপুর বরগুনা জেলায় হত্যা চেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ লবণচরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খুলনা অফিস 













