খুলনা নগরীর শেখপাড়া এলাকায় একটি ভবনের চতুর্থ তলার কক্ষ থেকে মতি (৫০) নামে এক বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খলিল চেম্বারের পার্শ্ববর্তী একটি ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মতি ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি গড়াই পরিবহনের টিকিট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মতি দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে শেখপাড়া খলিল চেম্বারের পার্শ্ববর্তী আনোয়ারার বাড়ির চতুর্থ তলার একটি টিনশেড কক্ষে একাই বসবাস করতেন। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার সর্বশেষ তাকে দেখা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
রবিবার সকালে ওই ভবনের ছাদে এক ব্যক্তি কাজ করতে গেলে কক্ষের আশপাশে দুর্গন্ধ পান। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে মতির অর্ধগলিত লাশ উদ্ধার করে।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। এ কারণে লাশে পচন ধরেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা অফিস 























