খুলনা মহানগরীর চাঞ্চল্যকর স্কুল ছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান আসামি নিহত নির্জনার পিতা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদরের আব্দুল কুদ্দুসের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার মীর সোহরাব হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬ স্পেশাল কোম্পানি ও কেএমপির সদর থানার যৌথ আভিযানিক দল শনিবার দুপুর পৌঁনে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে ঘাতক পিতা আলীম হোসেন আকাশকে করে। গ্রেফতারের পর তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আকাশ সদর থানা হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে রবিবার আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে আরফানা হোসেন নির্জনাকে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ একটি প্লাস্টিকের বস্তায় ভরে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক আকাশকে গ্রেফতারে অভিযান শুরু হয়। এর আগে গত ১০ জুলাই পুলিশ নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেফতার করে। পরদিন তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সংবাদ শিরোনাম
খুলনায় চাঞ্চল্যকর স্কুল ছাত্রী নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ঘাতক পিতা গ্রেফতার
-
খুলনা ব্যুরো - আপলোড সময় ১১:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 48
Tag :
জনপ্রিয় সংবাদ
























