খুলনার ক্রিসেন্ট জুট মিল লিজ নেওয়া মাহবুব অ্যান্ড কোম্পানি পাটকল চালু না করে মুরগির ফিড কারখানা চালু করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নগরীর খালিশপুরের বিআইডিসি রোড়ের ক্রিসেন্ট গেটে বন্ধকৃত জুট মিল শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। জাতীয়তাবাদী শ্রমিকদল খালিশপুর আঞ্চল কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বন্ধকৃত প্লাটিনাম জুবিলি জুট মিল, দৌলতপুর জুট মিল, ক্রিসেন্ট জুট মিল ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা অংশ গ্রহণ করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা।
এ সময় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, মাহবুব অ্যান্ড কোম্পানি পাটকল চালুর জন্য সরকারের কাছ থেকে ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়েছিল। এখন সেই মিলে জুট মিল চালু না করে মুরগির ফিুড কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। শ্রমিকরা কোনো মূল্যেই জুটমিলে ফিড কারখানা চালু হতে দেবে না।
বক্তরা অবিলম্বে মুরগির ফিড কারখানা চালু বন্ধ করে ক্রিসেন্ট জুট মিল পাট কল হিসাবে চালু ও মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলামেকে প্রত্যাহারের জন্য বিজেএমসির চেয়ারম্যানের প্রতি আহবান জানান।
বক্তৃতা করেন নগরীর খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, পাটকল শ্রমিক দলের সহসভাপতি মো. আবুল কালাম জিয়া, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন হিলটন, জাহিদুর রহমান, আবুল কালাম প্রমুখ।
খুলনা অফিস 






















