প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল এবং অবৈধ গেট অপসারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন করেছেন ইসিবি চত্বর নামাপাড়া এলাকার স্বপ্ননিবাস আবাসিক প্রকল্প, ক্যামেলিয়া টাওয়ার, বন্ধন টাওয়ার, ছায়ানীড় টাওয়ার ও এলাকার অন্যান্য ভুক্তভোগী জমির মালিকগণ।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ২৫/১১/২০২৬ ইং তারিখ সকাল ১১ টায় উক্ত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন স্বপ্ননিবাস আবাসিক প্রকল্পের (৩৫ কাঠা) অন্যতম জমি-মালিক মেজর জেনারেল মহিউদ্দিন (অব.)। এছাড়া মেজর (অব.) এম এম আরিফুর রহমান, ফিরোজ মিয়া, তাজুল ইসলাম বাবু, মনিরুল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, জাকির হোসেন, মিজানুর রহমান, মাওলানা শাহারিয়ার মাহমুদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সম্মেলনে অবৈধভাবে অন্যের জমি দখল, চাঁদাবাজি এবং অন্যের জমির ওপর প্রতারণা করে সাইনবোর্ড টাঙ্গিয়ে টাকা আদায় করে নেওয়ার অভিযোগে মামলাভুক্ত আসামী নাজিম উদ্দিন ভূঁইয়া ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন। এছাড়া তারা চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপিত গেইটের দ্রুত অপসারণ চান।
সম্মেলনে নিউ গিনি প্রোপার্টিজের লিখিত বক্তব্য তুলে ধরেন বিভিন্ন বক্তাগণ। ভুক্তভোগীগণ জানান, নাজিম উদ্দিন ভূঁইয়া মূলত আওয়ামী সাবেক মন্ত্রী এ আরাফাতের অন্যতম সহযোগী। আরাফাতের ছত্রছায়ায় আব্বাস উদ্দিনের সহযোগিতায় ভাঙ্গারী ব্যবসায়ী থেকে ভূমিদস্যুতে পরিণত হয়। তার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে। সে এ পর্যন্ত প্রায় ১৩/১৪ বিঘা জমি অন্যায়ভাবে দখল করে রেখেছে। কুক্ষিগত সম্পত্তি যাতে হাতছাড়া না হয়, সে উদ্দেশ্যে এবং অবৈধ গেট অপসারণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্যই এই নাজিম উদ্দিন ভূঁইয়া গত ২৬শে সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে নিজস্ব জনবল ও ভাড়াটিয়া লোক দিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা ঘটায়। এরপর সে উল্টা মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে ভুক্তভোগী প্রায় ৩০০ পরিবার এই ভূমিদস্যু নাজিম উদ্দিন ভূঁইয়ার কবল থেকে পরিত্রাণ কামনা করে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, দীর্ঘদিন ধরে চলা এই জবরদখল ও ভীতি প্রদর্শনের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা এখন সময়ের দাবি। ক্ষতিগ্রস্ত মালিকদের ভাষ্যমতে, প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ না হলে বিনিয়োগ ও আবাসন খাতে চরম আস্থাহীনতা তৈরি হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও কঠোর পদক্ষেপই পারে এই অচলাবস্থা নিরসন করতে। ইতোমধ্যে রুজুকৃত মামলাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। সব মিলিয়ে ভূমিদস্যুতার কবল থেকে মুক্তি ও নিরাপদ বসবাসের নিশ্চয়তা পেতেই রাষ্ট্রের সর্বোচ্চ মহলের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা।
সংবাদ শিরোনাম
ভূমি দখল ও অবৈধ গেট উচ্ছেদের দাবিতে মানিকদীর ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন
-
আনিসুর রহমান মোল্লা - আপলোড সময় ০৮:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- 4
Tag :
জনপ্রিয় সংবাদ






















