খুলনায় দুর্বৃত্তরা মসজিদের ভেতর প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করেছে। আজ রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) জামে মসজিদের ভেতরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজন হলেন, লোকমান হোসেন ও আলম। লোকমানের শরীরে চারটি ও আলমের হাতে একটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় লোকমানকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ হলে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে লোকমান ও আলম নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলোয়াত করছিলেন। স্থানীয় মুসল্লিরা তাদের দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। তাদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। অপরজনকে খুমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, লোকমান নামের এক তেল ব্যবসায়ীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এলোপাতাড়ি গুলিতে আলম নামের আরেকজন আহত হন। হামলাকারীরা মোটরসাইকেলে এসে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
সংবাদ শিরোনাম
খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজনকে ঢাকায় প্রেরণ
-
খুলনা অফিস - আপলোড সময় ০৮:১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- 10
Tag :
জনপ্রিয় সংবাদ
























