রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার স্বর্ণপট্টিতে পরিকল্পিত দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কারুশ্রী জুয়েলার্স-এর সিন্ধুক ভেঙে আড়াই থেকে তিনশো ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটনায় স্বর্ণপট্টি এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কারুশ্রী জুয়েলারির মালিক বৃহস্পতিবার রাতে তাদের ব্যবসার কাজ শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যান।শনিবার সকালে দোকান খুলতে এসে প্রথমে ডাকাতির বিষয়টি ধরা পড়ে। তদন্তে দেখা যায়, দুর্বৃত্তরা আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মধ্যবর্তী পার্টিশন দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে।

পুলিশের প্রাথমিক ধারণা,চক্রটি প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢোকে। সেখান থেকে দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে সিন্ধুক ভেঙে স্বর্ণালঙ্কার লুট করে। পালানোর সময় তারা আবার আফিয়া জুয়েলার্সে তালা লাগিয়ে যায়, যাতে ঘটনাটি বিলম্বে জানাজানি হয়।
কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার সকালে দোকানে এসে ভেতরের এলোমেলো অবস্থা দেখে ডাকাতির বিষয়টি নিশ্চিত হন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে ভিড় করেন। ব্যবসায়ীদের ধারণা, চক্রটি দোকানের বিন্যাস ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই জানত। এটি একটি সংঘবদ্ধ ও পূর্বপরিকল্পিত ডাকাতি।
ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে স্বর্ণপট্টির সব দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। রাজশাহী জুয়েলার্স সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। সমিতির পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। ব্যবসায়ীরা স্বর্ণপট্টি এলাকায় পুলিশি টহল ও সিসিটিভি নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
ডাকাতির খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন,ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি সংঘবদ্ধ চক্রের কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের স্থাপনা থেকে দীর্ঘদিন পর্যবেক্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পুরো স্বর্ণপট্টি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোঃ জয়নাল আবেদিন জয় , রাজশাহী থেকে 
























