খুলনায় পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সফর চলাকালে আবারো গুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। মোটরসাইকেলে এসে তাকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে ও স্থানীয় মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন রামিম। পথিমধ্যে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি তার পিঠের ডান পাশে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরীতে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। ঐদিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামের এক যুবককে প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। একই দিন সন্ধ্যায় নগরীর জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে তার মায়ের সামনেই মাথায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এখনো এ দুটি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।
সংবাদ শিরোনাম
খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ
-
খুলনা অফিস - আপলোড সময় ০৮:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- 31
Tag :
জনপ্রিয় সংবাদ























