নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান মুয়াজ (২০) নামে নরসিংদী সরকারি কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার তারাব পৌরসভার তারাব-বিশ্বরোড সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান মুয়াজ খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতির একমাত্র ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন সন্তানের মধ্যে মুয়াজ ছিলেন পরিবারের একমাত্র পুত্র সন্তান । প্রথম বর্ষের পরীক্ষা থাকায় বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নরসিংদী সরকারি কলেজের উদ্দেশে রওনা হন তিনি। পথে রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুয়াজ মোটরসাইকেল চালিয়ে একটি ট্রাককে পেছন দিক থেকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। এ সময় ট্রাকটির ডান পাশের পেছনের চাকার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মুয়াজ ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলেও ততক্ষণে মুয়াজের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করেছে বলে জানা গেছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বলে জানানো হয়েছে। পরে নিহতের বাবা মাসুম আহমেদ ছেলের মরদেহ বাড়ির উদ্দেশে নিয়ে যান।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে বক্তব্য জানতে শিমরাইল হাইওয়ে পুলিশের তারাব বিশ্বরোডে অবস্থিত পুলিশ বুথে যোগাযোগের চেষ্টা করা হলেও সেখানে কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। ফলে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মোহাম্মদ হারুন অর রশিদ 























