খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে মোস্তাকিন নিরালা এলাকার আলকাতরা মিলের পাশর্^বর্তী তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিল। এ সময় দুইটি মোটরসাইকেলে আসা চারজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মোস্তাকিন তালুকদার কমিউনিটি সেন্টারের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিল । এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার পিঠে ও কোমরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
খুলনা অফিস 






















