
ছেলেকে খুন হতে দেখেছেন, ছেলের খুনের মামলায় নিজে বাদী হয়ে ৬ বছর আদালতে লড়েছেন, আদালত থেকে জিতেছেন। এবার ছেলের চাকরির প্রাপ্য টাকা পেতে রেলের দপ্তরে দপ্তরে ঘুরছেন ৮০ বছরের ঊর্ধ্বে বিধবা মা মোছাঃ রওশন আরা বেগম।
কিন্তু রেলের মহাব্যবস্থাপক (পূর্ব) নিজে ফাইলে সই করে “বোর্ড অব ট্রাস্টিজ” সভায় তোলার নির্দেশ দেওয়ার পরও *প্রায় ১ বছর পার হয়ে গেলেও সেই সভা বসেনি।* ফলে একজন অসহায় বিধবা মায়ের গোষ্ঠী বীমা ও বেনিভোলেন্ট ফান্ড (বি.এফ) এর আবেদনটি এখনো ফাইলে বন্দি।
যেভাবে খুন হন ছেলে
কাগজপত্র অনুযায়ী, ভুক্তভোগী রওশন আরা বেগমের ছেলে মৃত মোঃ মাহবুবুর রহমান, পদবী- এস.এস. ফিটার (টি/নং-১০১০), অধীন- ডিএমই (লোকো), ঢাকা।
তিনি চাকরিরত অবস্থায় গত *২৮/১১/২০১৯ খ্রি.* তারিখে তার স্ত্রী রোকসানা আক্তার ও তার সহযোগীদের দ্বারা হত্যার শিকার হন।
এ ঘটনায় *ভৈরব থানায় মামলা নং- ৬০(১১)১৯* দায়ের হয়, যা পরবর্তীতে ২৪১/২০২১ আকারে বিচারাধীন হয়।
উল্লেখ্য যে, মৃত মাহবুবুর রহমান এর চাকুরির বয়স পাঁচ বছর পূর্ণ হতে *১১ দিন বাকী ছিল, তাই সরকারি পেনশন সুবিধা হতে বঞ্চিত* হবেন।
আবেদনে তিনি স্পষ্ট লিখেছেন, *১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, স্বামী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী বীর ওয়ারিশ হতে বঞ্চিত হন।* কাজেই তিনি মৃত ছেলের একমাত্র বৈধ উত্তরাধিকারী হিসেবে গোষ্ঠী বীমার প্রাপ্য সুবিধা ভোগ ও বেনিভোলেন্ট ফান্ড হতে সাহায্য প্রাপ্তির আইনগত অধিকারী।
*কেন ৬ বছর পর আবেদন?*
১৯৮২ সালের অর্ডিন্যান্স অনুযায়ী মৃত্যুর তারিখ হতে ৬ মাসের মধ্যে বি.এফ ফরম সংগ্রহ করতে আবেদন দাখিল করার নিয়ম আছে। কিন্তু তিনি আবেদন করেন ৬ বছর পর।
ভুক্তভোগীর দাবি, তিনি *ডিপিও / ঢাকা বরাবর ছেলের মৃত্যুর ছয় মাসের মধ্যে আবেদন করেন, তখন ডিপিও / ঢাকা মৌখিক ভাবে বলেন সঠিক ওয়ারিশান নির্ধারণ না হলে কোন কিছু করা সম্ভব না।*
আবেদনপত্রে তিনি তার কারণও লিখেছেন: _“মামলার জটিলতা, বিচার প্রক্রিয়া, আসামিদের রায় প্রদান ও দীর্ঘ সময় করোনা ভাইরাসসহ প্রয়োজনীয় আইনগত কাগজপত্র সংগ্রহ করতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় নির্ধারিত সময়ে আবেদন করা সম্ভব হয়নি।”_
এরপর তিনি গত *১৪-১০-২০২৫ খ্রি.* তারিখে সরাসরি মহাব্যবস্থাপক (পূর্ব) বরাবর বেনিভোলেন্ট ফান্ডের ফরম সরবরাহের জন্য আবেদন করেন।
*জিএম (পূর্ব) নির্দেশ দিলেন, কিন্তু সভা হলো না*
ওই আবেদন মহাপরিচালকের দপ্তর হয়ে ঘুরে আসে। মহাপরিচালকের দপ্তর থেকে গত *১৯ নভেম্বর ২০২৫* পত্র নং- ৫৪.০১.০০০০.০০৬.১৩.০০৮.০৯ (লুজ)-৫৩১ এর মাধ্যমে বিষয়টি মহাব্যবস্থাপক (পূর্ব), চট্টগ্রাম এর কাছে পাঠানো হয়।
এরপর বাংলাদেশ রেলওয়ে কর্মচারী বেনিভোলেন্ট ফান্ড কার্যালয়, সিআরবি, চট্টগ্রাম থেকে গত *২১-১২-২০২৫ খ্রি.* তারিখে মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে (নং- ৫৮৬-ই/৮৯/মিস (ডব্লিউ) খন্ড-২) স্পষ্ট লেখা আছে:
<span;>> “আবেদন পর্যালোচনাপূর্বক সিদ্ধান্তের নিমিত্ত পরবর্তী অনুষ্ঠেয় ‘বোর্ড অব ট্রাস্টিজ’ এর সভায় তা উপস্থাপনের জন্য জিএম (পূর্ব) মহোদয় *১২-১১-২০২৫ খ্রি. তারিখে* নথিতে নির্দেশনা প্রদান করেন।”
চিঠিতে আরও লেখা ছিল – “বোর্ড সভার সিদ্ধান্ত যথাসময়ে অবহিত করা হবে।”
কিন্তু ভুক্তভোগীর অভিযোগ, সেই “যথাসময়ে” আর আসেনি। জিএম (পূর্ব) এর নির্দেশের পর এক বছর পার হতে চললেও আজ পর্যন্ত বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়নি। একজন বিধবা মা তার মৃত ছেলের প্রাপ্য টাকা পাচ্ছেন না শুধুমাত্র একটি সভা না হওয়ার কারণে।
*প্রশ্ন উঠেছে –*
*১.* জিএম (পূর্ব) নির্দেশ দেওয়ার পরও কেন এক বছরে সভা ডাকা হলো না?
*২.* একজন খুন হওয়া রেল কর্মচারীর বৃদ্ধা মাকে আর কতদিন ঘোরানো হবে?
*৩.* বোর্ড সভা না হলে কি এই ফাইল এভাবেই পড়ে থাকবে?
এ বিষয়ে সচিব, বেনিভোলেন্ট ফান্ড ও সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (পূর্ব), চট্টগ্রাম এবং জিএম (পূর্ব) এর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
মোঃ হাবিবুর রহমান 



















