খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ক্যাডার শিবলী হোসেন রুবেলকে (৪৬) অস্ত্রসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ। গত বুধবার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গ্রেফতার রুবেল রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গত মঙ্গলবার ভোর পৌঁনে ৪টার দিকে নগরীর দোলখোলা মতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। ঐ ঘটনার সূত্র ধরে মহানগর গোয়েন্দা পুলিশ সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযু্িক্তর সহায়তায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেলকে নিরালা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে পুলিশ শপিং ব্যাগের মধ্যে প্যাচানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
মহানগর গোয়েন্দা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহদুজ্জামান মিয়া জানান,
রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও সন্ত্রাসী আশিক গ্রুপের অন্যতম সদস্য ও ক্যাডার। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
খুলনা অফিস 

















