খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় সন্দেহভাজন আসাদুজ্জামান মিঠুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠু নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতান মাহমুদের ছেলে।
এদিকে, দলীয় শৃঙ্খলা কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে খুলনা মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের পদ থেকে আসাদুজ্জামান মিঠুকে বহিস্কার করা হয়েছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. আহাদুজ্জামান মিয়া জানান, আসাদুজ্জামান মিঠুকে দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে। খুলনা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।
তিনি আরো বলেন, গত ১৪ জুলাই রাত ১টার দিকে খুলনা সদর থানা এলাকার জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পশে কয়েকজন সাংবাদিক বসে গল্প করছিলেন। এ সময় তাদের লক্ষ্য কয়েকজন দুর্বৃত্ত গুলি করে। এ মামলায় তাকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া তার সঙ্গে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পুূলিশের একাধিক সূত্র জানায়, সকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে আসাদুজ্জামান মিঠুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মিঠু রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তিনি হত্যাকাণ্ডের আগে মাসুম বিল্লাহকে দুর্বৃত্তদের দেখিয়ে দিয়েছিলেন। তার নির্দেশনায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। গত ৪ মার্চ খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে বাটার জুতার দোকানের ভেতরে সন্ত্রাসীদের গুলিতে রূপসা- বাগেরহাট আন্ত: জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দলের নেতা মাসুম বিল্লাহকে (৪৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু (বি কোম্পানি) গ্রুপের সক্রিয় সদস্য অশোক ঘোষকে পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে দলীয় শৃঙ্খল পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক পদ থেকে বহিস্কার করা হয়েছে। গত ১৩ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা অফিস 




















