নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আকতার এবং শরীয়তপুরের জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি ও একই এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন রূপগঞ্জের ফকির আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।
মোহাম্মদ হারুন অর রশিদ 























