বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং স্বাস্থ্যখাতে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী ৯ জুন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা স্বাস্থ্যখাতে বিদ্যমান বৈষম্য, চিকিৎসকদের নিরাপত্তাহীনতা এবং প্রশিক্ষণ ও কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সমাবেশে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ ও তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র ও ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গত ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস (FCPS) ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্তে চিকিৎসকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট নির্দেশনা চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই স্মারক নং ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬-এর আওতায় জারিকৃত ওই সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারির দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে— বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন দ্রুত প্রণয়ন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের জন্য ৫০ হাজার টাকা ভাতা নির্ধারণ এবং বেসরকারি চিকিৎসকদের জন্য একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। অন্যথায় চিকিৎসা পেশায় নিরুৎসাহ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যখাত আরও সংকটের মুখে পড়তে পারে।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামী ৯ জুন থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১১টার পর সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন।
তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের প্রতি দ্রুত সংলাপের মাধ্যমে দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চিকিৎসকদের অধিকার ও মর্যাদা রক্ষায় দেশের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।
আবু সাইদ, সুনামগঞ্জ থেকে 

























