ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড – ইন্ডাস্ট্রিজ এর সদ্য ঘোষিত কমিটি নিয়ে ব্যাপক অনিয়ম আর রাজনৈতিক পেশি শক্তির প্রভাব প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। কোন প্রকার নির্বাচন ছাড়াই রাতের অন্ধকারে নিজেদের ইচ্ছে মাফিক কমিটি ঘোষণা করেই ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড- ইন্ডাস্ট্রিজ এর নির্বাচন শেষ করেছেন মহলটি।

ঘটনার বিবরণ থেকে জানা যায়,বিগত ২৪-২৬ নির্বাচিত কমিটির মেয়াদ শেষে তারা একটি কমিটি করে তাদের দায়িত্ব হস্থান্তর করে পদ থেকে সরে যান। এরপর উক্ত কমিটি একাধিকবার পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করতে চেষ্টা চালিয়েও একটি বিশেষ মহলের চাপে ব্যর্থ হন। কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, কিন্তু জন সমন্মুক্ষে তা প্রকাশ করা হচ্ছেনা। এমতাবস্থায় অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিপ্রায়ে নমিনেশন পেপার আনতে চেম্বার কার্যালয়ে সচিব মোহাম্মদ শামীম এর সাথে যোগাযোগ করলে সচিব বলেন, তফসিল ঘোষণা হয়েছে কিন্তু যিনি নির্বাচন বোর্ডের আহ্বায়ক এখনও স্বাক্ষর করেননি। এরপরেও চেম্বার সদস্যরা নমিনেশন পেপার চাইলে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম নিয়ে বলেন“তাঁর নির্দেশ ছাড়া কোন নমিনেশন পেপার দেয়া যাবেনা”। একজন ব্যবসায়ী সেই রাজনৈতিক নেতার কাছে গিয়ে নমিনেশন পেপার চান তখন তাকে সেটি দেয়া হলেও সেখানেই স্বাক্ষর করিয়ে রেখে দেয়া হয়। এরপর হঠাৎ করেই ১৩ আগস্ট সবাইকে অবাক করে দিয়ে বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফকে সভাপতি করে ২৪ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা রাজনৈতিক পেশি শক্তি আর বিপুল অর্থের লেনদেনের মাধ্যমে সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, ঠাকুরগাঁও -১ আসনের এমপি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন এবং ঢাকায় অবস্থান করছিলেন তখনই সেই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ঠাকুরগাঁও বি এন পির রাজনীতির অন্যতম এক প্রভাবশালী নেতার প্রত্যক্ষ হস্তক্ষেপেই এ ধরণের নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আহবায়ক ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড- ইন্ডাস্ট্রিজ নির্বাচন,২৬ এ্যাডভোকেট আনজামুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কমিটিটির সদস্যগণ আমাকে অবগত করেন “ সবার সম্মতি ক্রমেই এ কমিটি গঠণ করা হচ্ছে। কিন্তু বাস্তবে এব্যাপারে চেম্বারের অন্যান্য সদস্যগণ যে কিছুই জানেন না তা আমার জানা নেই। তিনি বলেন আমাকে বোঝানো হয়েছে সর্ব সম্মতিক্রমেই এ কমিটি গঠণ করা হচ্ছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড- ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী চেম্বারের সদস্য সামছুজ্জামান দুলাল বলেন “ আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে এ কারণে একটি কমিটি করে তাদের কাছে দায়িত্ব হস্থান্তর করি”। ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড- ইন্ডাস্ট্রিজ নির্বাচন’২৪ এর তিন প্যানেলের একটি প্যানেলের সাবেক প্রার্থী ও জেলার বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব আলমগীর বলেন“ নির্বাচন ছাড়াই এ ধরণের কমিটি আমরা চাইনি”। ২৪ এর অপর প্রার্থী সৈয়দ আব্দুল করিম এ এস সি ঠিকাদার বলেন “ তফসিল বার বার ঘোষণা করা হয়েছে কিন্তু সেই তফসিলে নির্বাচনের কোন তারিখ ঘোষণা করা হয়নি। এমন উদ্ভট ঘটনা এবং নির্বাচন নামের প্রহসন আমরা ইতোপূর্বে কখনও দেখিনি”।
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড- ইন্ডাস্ট্রিজ ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফ, ই আলমগীরের পিতা মির্জা রুহুল আমিন। সেই প্রতিষ্ঠানের সন্মান এভাবে গুটি কয়েক কুচক্রির ইচ্ছের বলি হয়ে ভূলুণ্ঠিত হোক এটা ঠাকুরগাঁওয়ের সাধারণ ব্যবসায়ীরা মানতে পারেন না। তারা অবিলম্বে এ কমিটি বাতিল করে গণতান্ত্রিক পদ্ধতিতে সবার অংশ গ্রহনে একটি নতুন কমিটি উপহার দেয়ার জন্য রাষ্ট্রপতির নিকট অনুরোধ করেন।
সত্য প্রকাশ দত্ত ঠাকুরগাঁও থেকে ফিরে 





















