সাংবাদিকরা মাদকের টাকার ভাগ না পেয়ে পুলিশকে অকার্যকর বলছেন—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র ও কড়া প্রতিবাদ জানিয়েছে তেজগাঁও প্রেসক্লাব। ক্লাবের প্রধান উপদেষ্টা, সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এক বিবৃতিতে আইজিপির এই মন্তব্যকে সাংবাদিক সমাজের প্রতি চরম অবমাননাকর ও অনাকাঙ্ক্ষিত বলে আখ্যা দিয়েছেন।
একযৌথ বিবৃতিতে তেজগাঁও প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ মাইন উদ্দিন, সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ হালিম বলেন, দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে এ ধরনের অগ্রহণযোগ্য বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করে এমন ঢালাও মন্তব্য কোনোভাবেই দায়িত্বশীল আচরণের পরিচায়ক হতে পারে না।
বিবৃতিতে আইজিপির বক্তব্যের বিষয়ে দৃঢ় দ্বিমত পোষণ করে তারা বলেন, সংবাদমাধ্যমের মূল দায়িত্বই হলো সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধচিত্র সাহসের সাথে তুলে ধরা। কিন্তু অপরাধ প্রতিরোধে নিজেদের ব্যর্থতা ও গঠনমূলক সমালোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এমন কুরুচিপূর্ণ ও দায়িত্বহীন মন্তব্য করা মোটেও সমীচীন নয়।
সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আইজিপির এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতি সম্মানজনক, সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ ও বক্তব্য প্রত্যাশা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মন্তব্য করেন যে, মাদক থেকে টাকা না পেলেই সাংবাদিকদের একাংশ পুলিশকে অকার্যকর বলে সংবাদ প্রকাশ করছে। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তেজগাঁও প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন সচেতন মহল ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও দুঃখ প্রকাশের ঝড় উঠেছে।
নির্ভীক সংবাদ ডেস্ক 




















