ঢাকা: শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আলোচনা সভার আয়োজন করে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শেরে বাংলা এ কে ফজলুল হকের নামে পদ্মা সেতু নামকরণের দাবি জানান।
বক্তারা বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের জনগণ অর্জন করেছে।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু বলেন, জনকল্যাণে প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ড গঠন এ মহান নেতার প্রচেষ্টার ফসল। তৎকালীন সময়ে অনগ্রসর মুসলিম সমাজে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্বলনের জন্য তাঁর অবদান চিরস্মরণীয়।
সভায় এ বি এম মোশাররফ হোসেন এমপি বলেন, বরিশাল বিভাগের উন্নয়নে আজকের আলোচনায় বরিশাল বিভাগ সমিতি, ঢাকা ২৮ দফা উন্নয়ন প্রস্তাব যুক্তিযুক্ত। উহা বাস্তবায়নে সরকারের সাথে দর কষাকষি করতে এ সমিতি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে এবং বরিশাল বিভাগের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গোলটেবিল আয়োজনেরও পরামর্শ দেন।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন বারডেম এর সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, রেলওয়ে বিভাগের সাবেক মহাপরিচালক সুলতান আহমদ তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মালেক মোল্লা, সহ-সভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শওকত ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুছ ছোবাহান, আয়োজন কমিটির আহ্বায়ক এডভোকেট মো. রুবেল হাওলাদার, সাংবাদিক মাহবুব সৈকত, বদরুল আলম নাবিল, বীর মুক্তিযোদ্ধা ড. মো. শাহ আলম প্রমুখ।
বার্তা প্রেরক: আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক, বরিশাল বিভাগ সমিতি, ঢাকা।
আনিসুর রহমান মোল্লা 




















