সুন্দরবনের ১৫জন জলদস্যু স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের-৬ (এসআরবি) নিকট আত্মসমর্পন করেছে। আত্মসমর্পণকারীদের মধ্যে আলিফ বাহিনীর আব্দুল্লাহ গ্রুপের ৮ জন ও মজিদ গ্রুপের ৭জন সদস্য রয়েছে।
এসআরবি-৬ এর উপঅধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গত শুক্রবার সন্ধ্যায় জলদস্যু আলিফ বাহিনীর আব্দুল্লাহ গ্রুপের ৮ জন ও মজিদ গ্রুপের ৭জন সদস্যসহ ১৫জন জলদস্যু এসআরবির কাছে আত্মসমর্পণ করে।
তিনি জানান, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যু ও বনদস্যুদের অপরাধমূলক কর্মকা- নিয়ন্ত্রণে এসআরবি-৬ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, সুন্দরবনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সুন্দরবনে সক্রিয় জলদস্যু আলিফ বাহিনীর আব্দুল্লাহ গ্রুপের ৮ জন ও মজিদ গ্রুপের ৭ জন সদস্যসহ ১৫ জন জলদস্যু এসআরবি-৬ এর নিকট আত্মসমর্পণ করে। এই জলদস্যুদের আত্মসমর্পণের কারণে সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার পাশাপাশি সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়াল ও অন্যান্য বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ সুরক্ষিত হবে।
তিনি আরো বলেন, আত্মসমর্পণকারী জলদস্যুদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
খুলনা অফিস 





















