খুলনার যাত্রীবাহী ইমাদ পরিবহনের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৪) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৬টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এনসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা গ্রামের উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি পেশায় স্বর্ণ ও নার্সারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকাল ৬টার দিকে মিলন কুমার ভদ্র মোটরসাইকেলে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। গুটুদিয়ায় খুলনা-সাতক্ষীরার মহাসড়কের এক পাশে সংস্কারকাজ চলমান থাকায় তিনি অপর পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬) যাত্রীবাহী ইমাদ পরিবহন তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত চালিয়ে পালিয়ে যায়।
খর্ণিয়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই মুন্সী পারভেজ হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা অফিস 





















