মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার সাতটি থানায় অভিযান চালিয়ে ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৫৪ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২০ জন, বন্দর থানায় ১১ জন, সোনারগাঁ থানায় ৮ জন, রূপগঞ্জ থানায় ৬ জন এবং আড়াইহাজার থানায় ৫ জন রয়েছেন।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের বিষয়ে পুলিশ বিভিন্ন তথ্য পেয়েছে। এসব অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য সাধারণ অপরাধের বিরুদ্ধেও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, সাত থানায় গ্রেপ্তার ১০৪ জনের মধ্যে মাদকসংক্রান্ত মামলার আসামির সংখ্যাই বেশি। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে একটি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে বলে জানান পুলিশ সুপার। সেখানে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মীসহ কয়েকজনকে বাংলা মদ সেবনরত অবস্থায় আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিদের মদ সেবনের অনুমোদন বা লাইসেন্স ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে বাইরে থেকে আনা মদের বৈধ কাগজপত্র ও লাইসেন্সও পরীক্ষা করা হবে। কাগজপত্র সঠিক না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নারায়ণগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০৪
-
মোহাম্মদ হারুন অর রশিদ - আপলোড সময় ০৫:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- 40
Tag :
জনপ্রিয় সংবাদ
























