সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। তালা থানার ওসি আবু বক্কার সিদ্দীক’র নেতৃত্বে পুলিশ শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার দেওয়ানীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করেন। তবে, অভিযানের সময় কৌশলে মাদক ব্যবসায়ী হবি বিশ্বাস পালিয়ে যায়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, দেওয়ানীপাড়া গ্রামের মৃত বাকের বিশ্বাসের ছেলে হবি বিশ্বাস দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। এনিয়ে ইতোমধ্যে দেওয়ানিপাড়া গ্রামের সচেতন মানুষ প্রতিবাদ সভা করে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষনা করে।
এলাকার একাধিক ব্যক্তি জানান, সাতক্ষীরা মাদক ব্যবসায়ী খোকন গোপনে হবি বিশ্বাসের কাছে ইয়াবার চালান পাঠিয়ে দেয়। এই ইয়াবাগুলো এলাকার শাহাদাৎসহ অন্যান্য সাব-ডিলারের মাধ্যমে বিক্রি করার পায়তারা চালাচ্ছিল হবি বিশ্বাস। বিষয়টি জানতে পেরে প্রশাসনকে অবহিত করে সচেতন গ্রামবাসী।
এবিষয়ে তালা থানার ওসি মো. আবু বক্কার সিদ্দীক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দেওয়ানীপাড়া গ্রামে হবি বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়াল ঘর থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের বিষয় আগেই বুঝতে পেরে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, হবি বিশ্বাস পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনের মামলা রয়েছে বলে গ্রামের ওই সূত্রটি জানিয়েছে।
জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) 
























