পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর (টেক্সঘর) গাউসিয়া তৈয়্যবিয়া ছালেহ রাবেয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ছাত্রদের অংশগ্রহণে কেরাত ও নাতে মুস্তাফা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বাদে মাগরিব মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মনোমুগ্ধকর পরিবেশ এবং নাতে মুস্তাফার হৃদয়স্পর্শী পরিবেশনা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংবাদিক এস এম জাফর আহমদ, মোঃ ইদ্রিস মিয়া (সওঃ) ও মোঃ আবদুল মাবুদ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরআন তেলাওয়াত, নাতে মুস্তাফা এবং ইসলামী শিক্ষার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এস এম জাফর আহমেদ 























