খুলনায় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় মাছবাহী ভ্যানের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার রূপসা সেতু বাইপাস-তেলিগাতী সড়কের তেলিগাতী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এর আগের দিন শনিবার সন্ধ্যায় কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় আরও এক বৃদ্ধ নিহত হন।
নিহত বিশ্বনাথ সরকার (৬৭) যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা। আহত ভ্যানচালক নূর ইসলামকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সকালে তেলিগাতী মোড়ে আরএফএল কোম্পানির দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-অ-১১-৩৭৩৫) সঙ্গে মাছবাহী ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানের আরোহী বিশ্বনাথ সরকার ঘটনাস্থলেই নিহত হন। ভ্যানচালক নূর ইসলাম আহত হন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক নীলফামারীর আনিসুল হক (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাশির হাটখোলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহমেদ আলী সানা (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি উপজেলার হাজতখালী গ্রামের বাসিন্দা।
এক দিনের ব্যবধানে খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বেপরোয়া ও দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রীতা রানী দাশ 




















