নারায়ণগঞ্জের মানুষ মাদকের ভয়াবহ যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নানা সমস্যার মধ্যে রয়েছেন। এসব অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা–নারায়ণগঞ্জ চাষাড়া রেলস্টেশন এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ সুপার। এ সময় পুলিশের অভিযানে মাদকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘পরিবার নিয়ে সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছেন। তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়ছেন। আবার চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে পুলিশের অভিযান চলছে।’
তিনি জানান, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী, ডাকাত, অস্ত্রধারী সন্ত্রাসীসহ যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে। এটি অভিযানের তৃতীয় দিন।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম দিনে বিভিন্ন অপরাধে ১২২ জন এবং দ্বিতীয় দিনে ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় দিনেও বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার বলেন, বিভিন্ন স্থান থেকে অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়া হচ্ছে। তবে এসব তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে আগে ও বর্তমানে সক্রিয় মাদক স্পটগুলোর তালিকা রয়েছে। ওই তালিকা অনুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
মোহাম্মদ হারুন অর রশিদ 





















