সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে প্রায় ৫০০ মানুষের ভূরিভোজ আয়োজন করে ১৬ বছর বয়সী শিশুর বাল্যবিবাহের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু কনে পক্ষের সে আয়োজন পণ্ড করে দিয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধসহ কনের অভিভাবকের জরিমানা করেছে। এরআগে বাল্য বিবাহ প্রতিরোধ করতে গেলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীদের অবরুদ্ধ ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা এলাকায় গরু ব্যবসায়ী বজলুর রহমানের ১৬ বছর বয়সী শিশু মেয়ের সাথে কেশবপুর উপজেলার আজহারুল ইসলাম নামের এক ছেলের বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কনের বাড়িতে প্রায় ৫০০ অতিথির খাবারের আয়োজন-ও করা হয়। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার ঘটনাটি সাতক্ষীরা জেলা প্রশাসক, তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পাটকেলঘাটা থানার ওসিকে অবহিত করেন। পরবর্তীত শুক্রবার দুপুরে তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি রাজিবুল ইসলাম, রুপা ঘোষ এবং কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক সজীব সরদার ঘটনাস্থলে যান। এসময় কনে পক্ষের দূর্বৃত্তরা তাদের অবরুদ্ধ করে এবং একপর্যায়ে লাঞ্চিত করে। এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার ও পাটকেলঘাটা থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল।
এরইরমধ্যে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কনে ও তার বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যান। আর বরযাত্রীবাহী গাড়ি মাঝপথ থেকে ফিরে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
অভিযানে কনের চাচা মো. মোনজেদ সরদার নিজেদের অপরাধ স্বীকার করে মুচলেকা দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহেদ হোসেন তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ মামলার প্রসিকিউশন করেন উপপরিচালক নাজমুন নাহার। একই সঙ্গে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
এদিকে পরিবারের পক্ষ থেকে ৩ মাস আগে বিয়ে হয়েছে বলে দাবি করা হলেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে মেয়ে পক্ষ লাঞ্ছিত করার ঘটনায় ক্ষমা চেয়ে রক্ষা পান।
অভিযানে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান ও তরুণ প্রতিরোধকর্মী হৃদয় মন্ডল উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিনে সাতক্ষীরা সদরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে যান মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা ও কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা। তারা অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন এবং রোববার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেন।
তালা শিশু তীর্থ স্কুলে শিক্ষার মানোন্নয়নে সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজির মতবিনিময়
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় শিশু শিক্ষা প্রতিষ্ঠান- শিশু তীর্থ স্কুলের শিক্ষার মান উন্নয়ন, নিম্ন-মাধ্যমিক অনুমোদন এবং উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শিশু তীর্থ স্কুল মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) আমিরুল ইসলাম কাগুজি।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক ও শিশু তীর্থ স্কুলের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তালা উপজেলার শিক্ষা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, তালা শিশু তীর্থ স্কুল দীর্ঘদিন ধরে উপজেলায় শিশুবান্ধব ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটিকে নিম্ন-মাধ্যমিক স্তরে উন্নীত করা এখন সময়ের দাবি। এ জন্য সরকারি অনুমোদন অতি জরুরী।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম কাগুজি বলেন, “শিক্ষা ছাড়া কোনো সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তালার মতো উপজেলায় শিশু তীর্থের মতো প্রতিষ্ঠান আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। এই প্রতিষ্ঠানের নিম্ন-মাধ্যমিক অনুমোদন পেলে এখানকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আরও বেশি উপকৃত হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিশু তীর্থের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান, প্রভাষক মুস্তাফিজুর রহমান রেন্টু ও সাংবাদিক জুলফিকার রায়হান।
সভা শেষে- অতিথিবৃন্দ শিশু তীর্থ স্কুলের শ্রেণি কক্ষ পরিদর্শন করেন।
জুলফিকার রায়হান, তালা থেকে 






















