খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ৫/৭জন আহত হয়েছে। ঘটনার পর বাজারের দোকানপাট প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
স্থানীয় সূত্র পুলিশ জানায়, গত সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে যুবদলের আহবায়ক হুমায়ুন কবিরের ছেলের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উভয় পক্ষ কাটেঙ্গা বাজারে থানার সামনে জড়ো হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতি ও এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। সংঘর্ষে উভয়পক্ষের ৫/৭জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ^াস জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে মারামারি ও ইটপাটকেল বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫/৭জন আহত হয়েছে। বর্তমানে তেরখাদা উপজেলা সদরের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খুলনা অফিস 






















