ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হিন্দু যুবক রমিক চন্দ্র সিংহের সাথে নিখোঁজ হওয়া মুসলিম কলেজছাত্রী শারমিন আক্তারকে (১৭) উদ্ধার এবং অভিযুক্ত রমিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ঘটনার দীর্ঘ ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার কিংবা আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়ে রাজপথে নামেন স্বজনসহ স্থানীয়রা। পরে পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দ্বারস্থ হন তারা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বালিয়াডাঙ্গী চৌরাস্তায় এসে এক বিশাল মানববন্ধনে রূপ নেয়।
মানববন্ধনে প্রতিবেশি রাসেল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, রমিক চন্দ্র সিংহ আমার বোনকে তুলে নিয়ে গেছে। আজ ২০ দিন হয়ে গেল আমার বোন নিখোঁজ, সে বেঁচে আছে নাকি মারা গেছে আমরা কিছুই জানি না! প্রশাসনের কাছে আমার বোনকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
বালিয়াডাঙ্গী উপজেলা হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বলেন, আমাদের এক মুসলিম নাবালিকা মেয়েকে প্রায় ২০ দিন ধরে আটকে রাখা হয়েছে। তাকে ভারতে পাচার করা হয়েছে নাকি অন্য কোথাও রাখা হয়েছে, তার কোনো হদিস নেই। থানা, মেম্বার, চেয়ারম্যান সবাইকে জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো কর্ণপাত করছে না। দ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচার ও ভিকটিমকে উদ্ধার করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নিখোঁজ ছাত্রীর বাবা পশিরুল ইসলাম অভিযোগ করেন, আজ ২০ দিনের মতো হয়ে গেল, মেম্বার-চেয়ারম্যান থেকে শুরু করে প্রতিদিন থানায় যাই, কিন্তু পুলিশ কোনো দৃশ্যমান কাজ করছে না। তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কোনো অগ্রগতি নেই।
এ সময় ছাত্রীর মা বুক চাপড়ে কেঁদে বলেন, প্রশাসন আমাদের কোনো সাহায্য করল না। যে ব্যক্তি আমার মেয়েটাকে খুঁজে এনে দেবে, আমি সারাজীবন তার কাছে কৃতজ্ঞ থাকব।
মানববন্ধন শেষে পরিবারের সদস্য ও বিক্ষোভকারীরা বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। এ সময় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তারা। উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার বিষয়টি গুরুত্বসহকারে শোনেন এবং নিখোঁজ কলেজছাত্রীকে দ্রুত উদ্ধার ও আইনের আওতায় আনার বিষয়ে সর্বোচ্চ প্রশাসনিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শ্যামলী আখতার, ঠাকুরগাঁও থেকে 






















