ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় কষ্টিপাথরের মূর্তি, প্রাচীন সামগ্রী ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। উদ্ধার করা সামগ্রীর মোট সিজার মূল্য প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সদর থানার লক্ষ্মীপুর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, ২২ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের টুকরা, প্রাচীন আমলের দুটি মদের খালি বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো দুটি স্ট্যাম্প এবং একটি শঙ্খ উদ্ধার করা হয়। উদ্ধার করা কষ্টিপাথরের সামগ্রীর মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম।
তবে অভিযানের সময় এসব সামগ্রীর সঙ্গে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
৫০ বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
ঠাকুরগাঁও প্রতিনিধি 
























