সম্প্রতি সম্পাদনার কাজ শেষে ইউটিউবে আনুষ্ঠানিকভাবে রিলিজ হয়েছে বিশেষ একক নাটক ‘আকাশের চোখে বৃষ্টি’। নাটকটি রচনা করেছেন কবি আহমেদ রুহুল এবং পরিচালনা করেছেন সাইদুল ইসলাম। মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে নাটকটি ইতিবাচক সাড়াজাগাতে শুরু করেছে।
গত ২৬শে জুলাই রিলিজ হওয়া ‘আকাশের চোখে বৃষ্টি’ নাটকের সাফল্যের পর এই সফল রচয়িতা ও পরিচালক জুটি তাঁদের পরবর্তী কাজের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। মুক্তির চূড়ান্ত অপেক্ষায় রয়েছে তাঁদের নতুন নাটক ‘সততার পরিচয়’। জীবনমুখী গল্প ও সমাজিক বার্তার ওপর ভিত্তি করে নির্মিত এই নাটকটি খুব শীঘ্রই ইউটিউবে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।
এছাড়া চলতি মাসের শেষেই লাইট-ক্যামেরা-অ্যাকশনে গড়াতে যাচ্ছে তাঁদের আরও একটি নতুন প্রজেক্ট। ‘আমি বাঁচতে চাই’ শিরোনামের এই নাটকটির শুটিং শুরু হতে যাচ্ছে এ মাসের শেষ সপ্তাহে।
নাটকগুলোর বিষয়ে পরিচালক সাইদুল ইসলাম জানান, প্রতিটি নাটকেই জীবনের টানাপোড়েন, মানবিক মূল্যবোধ ও মৌলিক গল্পের ওপর জোর দেওয়া হয়েছে। কবি আহমেদ রুহুলের সাবলীল ও আবেগঘন নাট্যরূপ দর্শককে নাটকের শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মানসম্মত চিত্রনাট্য ও নির্মাণশৈলীর কারণে সদ্য ড্রপ হওয়া ‘আকাশের চোখে বৃষ্টি’ যেমন প্রশংসিত হচ্ছে, ঠিক তেমনিভাবে ‘সততার পরিচয়’ এবং ‘আমি বাঁচতে চাই’ নাটক দুটি নিয়েও দর্শক ও বিনোদনপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
নির্ভীক সংবাদ প্রতিবেদক 


















